Ad

শৈলকুপায় নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে তালা, সচিবকে তুলে নেওয়ার অভিযোগে ইউপি বিএনপির সেক্রেটারি সহ আটক ৬:

tvdesk

 

শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদে আজ সকালে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে দেওয়ার এবং ইউনিয়ন পরিষদের সচিবকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির নেতা মহিদুল ইসলাম সহ মোট ৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, এ সময় ইউনিয়ন সচিব হাফিজুর রহমানকে টেনে হিঁচড়ে পরিষদ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে পরিষদের ভেতরে থাকা সেবাপ্রত্যাশী ও কর্মচারীদের আটকে রেখে প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়।
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিনিগ্ধা দাস জানিয়েছেন, অভিযুক্তরা সচিবকে জোরপূর্বক তার কার্যালয়ে হাজির করে। বিষয়টি জানার পরপরই তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। সরকারি অফিসে তালা লাগানো একটি গুরুতর অপরাধ হওয়ায় জড়িতদের আটক করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান নিশ্চিত করেছেন যে, পরিষদের তালা দেওয়ার ঘটনায় ৬ জন আটক হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। সচিব হাফিজুর রহমানকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় নিত্যানন্দপুর ইউনিয়নে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Ad
সর্বশেষ