Ad

ঝিনাইদহে স্কুলের এডহক কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত, বিদ্যালয় ছুটি ঘোষণা

সম্রাট হোসেন

ঝিনাইদহ সদরে স্কুলের এডহক কমিটি গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩ মাস আগে ওই বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মন্টু ও ক্রীড়া শিক্ষক হাসানুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিলো। কিছুদিন যাবৎ এডহক কমিটির সভাপতি জহুরুল ইসলাম ও প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে স্কুলে আসতে বাঁধা দিচ্ছিলো ক্রীড়া শিক্ষক। বৃহস্পতিবার সকালে সভাপতি ও প্রধান শিক্ষক লোকজন নিয়ে স্কুলে এলে ক্রীড়া শিক্ষক সেখানে লোকজন নিয়ে হাজির হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ছুটি ঘোষণা করা হয়েছে বিদ্যালয়টি।

এদিকে দুপুর ১২টার দিকে সদর হাসপাতালের জরুরী বিভাগে দুই দলের আহত নেতাকর্মীরা আরেকদফায় মারামারিতে লিপ্ত হয়। এ সময় সেবা গ্রহীতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সংঘর্ষের খবর নিশ্চিত করে জানান, চার মাস আগে স্কুলের কমিটি করা নিয়ে মারামারির সুত্রপাত হয়। একপক্ষ কমিটি মানতে নারাজ। তারাই বৃহস্পতিবার হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। ওসি আরো জানান, এখনো থানায় কোন পক্ষ মামলা করেনি। তবে দুই পক্ষ মামলা দিলে তা রেকর্ড করা হবে।

Ad
সর্বশেষ