ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার নিজ তোলা গ্রামের যুবক হামিদুর ইসলাম হামিদ (২৮) মালয়েশিয়ায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন হামিদ। পরিবারের মুখে হাসি ফোটাতে বহু কষ্ট সহ্য করে তিনি মালয়েশিয়ায় পাড়ি জমান। দীর্ঘদিন কঠোর পরিশ্রম করলেও তার স্বপ্ন পূরণ হলো না। অকাল মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার-পরিজনসহ এলাকাবাসী।
তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের কান্নায় ভেঙে পড়ে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রবাসে জীবনের ঝুঁকি নিয়ে রেমিট্যান্স পাঠানো এই যুবকের লাশ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।





