জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের বিচার দৃশ্যমান-সহ ৫ দফা দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঝিনাইদহ শাখা।
আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টার সময় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেন।
এর আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর, নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারী অধ্যাপক আব্দুল আওয়াল, কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, জেলা বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সে সময় বক্তারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। সেই সাথে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধসহ ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচারের দাবী জানান বক্তারা।





