Ad

খামেনির মৃত্যুতে শোকস্তব্ধ ইরান, প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে ইরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের একাধিক রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে এ ঘটনাকে ‘নৃশংস সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আইআরজিসি–সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, শনিবার ভোরে নিজ কার্যালয়ে দায়িত্ব পালনকালে হামলার শিকার হন খামেনি। এ হামলায় তার মেয়ে, জামাতা ও নাতনিও নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
আরেক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-ও খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, “আমরা একজন মহান নেতাকে হারিয়েছি। মানবতার নিষ্ঠুর শত্রুদের হাতে তার শাহাদাত তার আদর্শের ন্যায্যতা ও জনগণের প্রতি তার আত্মত্যাগের প্রমাণ বহন করে।” একইসঙ্গে সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “ইরানি জাতির প্রতিশোধের হাত অপরাধীদের ছেড়ে দেবে না।”
এদিকে এ ঘটনার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে শোক পালন ও বিভিন্ন ধর্মীয় আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

 

Ad
সর্বশেষ