Ad

শৈলকুপায় আনন্দলোক ট্রাস্টের ‘অহিংসা’ প্রকল্পের ইউনিয়ন সিএসও কমিটি গঠিত

সম্রাট হোসেন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মানবাধিকার সুরক্ষা ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের লক্ষ্যে আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট পরিচালিত ‘অহিংসা’ প্রকল্পের ফুলহরি ইউনিয়ন সিএসও (CSO) কমিটি গঠন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫অক্টোবর) সকালে ফুলহরি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন।

সভায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে স্থানীয় শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজসেবী, সাংবাদিক প্রতিনিধির পাশাপাশি হরিজন, দলিত ও প্রতিবন্ধী সম্প্রদায়ের প্রতিনিধিরা সরাসরি এই সভায় অংশ নেন। আনন্দলোক ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার, এরিয়া কোঅর্ডিনেটর এবং ফিল্ড ফ্যাসিলিটেটর।
অনুষ্ঠানে আনন্দলোক ট্রাস্টের প্রকল্প ব্যবস্থাপক সিএসও কমিটি গঠনের মূল লক্ষ্য, সামাজিক প্রয়োজনীয়তা ও এর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তিনি সিএসও প্রতিনিধিদের নৈতিক দায়িত্ব ও সমাজ উন্নয়নে তাদের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন।
এছাড়া আলোচনায় মানবাধিকারের মৌলিক বিষয়সমূহ, মানবাধিকার নিশ্চায়নের সুফল এবং অধিকার লঙ্ঘিত হলে আইনি ও সামাজিকভাবে করণীয় পদক্ষেপ নিয়ে বিষদ ব্যাখ্যা দেওয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় নিজেদের কীভাবে দক্ষ ও সচেতন করে তোলা যায়, সে বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে কাজীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি মোদক বলেন, “এই প্রকল্পের মাধ্যমে আমরা সমাজে মানবতার জয়ের জন্য কাজ করার চমৎকার সুযোগ পাব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।”

 


সমাজসেবী একরামুল কবির বলেন,আনন্দলোকের এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের এলাকা ও সমাজ উন্নয়নে একসাথে কাজ করার ও অবদান রাখার সুযোগ পাবো।
সমাজসেবী নাসির উদ্দিন পান্জূ বলেন যে,এই প্রকল্পের উদ্দেশ্য অনেক মহৎ। এর মাধ্যমে সমাজের শুভ পরিবর্তন করা সম্ভব।
সমাপনী বক্তব্যে ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন প্রকল্পের উদ্দেশ্যকে সাধুবাদ জানান। তিনি ‘অহিংসা’ প্রকল্পের কার্যক্রম সফল ও সার্থক করে তুলতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন এবং উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Ad
সর্বশেষ