Ad

ঝিনাইদহে দুই বিদ্যালয়ে ‘স্বপ্নচিঠির বাক্স’ উদ্বোধন, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা জানাবে কিশোরীরা

সম্রাট হোসেন

কেউ হতে চায় চিকিৎসক, কেউ শিক্ষক, আবার কেউ স্বপ্ন দেখে নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু দারিদ্র্য, সামাজিক বাধা কিংবা বাল্যবিবাহের কারণে অনেক কিশোরীর স্বপ্নই থেমে যায় অল্প বয়সে। এবার সেই স্বপ্ন, প্রত্যাশা আর না বলা কথাগুলো প্রকাশের সুযোগ তৈরি করতে ঝিনাইদহের দুটি বিদ্যালয়ে চালু করা হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ ‘স্বপ্নচিঠির বাক্স’।

কিশোরীদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্নপূরণের পথে বাধাগুলো জানার লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফলিয়া সহদেব মাধ্যমিক বিদ্যালয় ও সদর উপজেলার ডেফলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপন করা হয়েছে ‘স্বপ্নচিঠির বাক্স’ (Dream Letter Box)।

১৫ নভেম্বর ফলিয়া সহদেব মাধ্যমিক বিদ্যালয়ে এবং ১৬ নভেম্বর ডেফলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে এসব বাক্সের উদ্বোধন করা হয়। সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেভ)-এর আয়োজনে GirlPower প্রকল্পের আওতায় ‘স্বপ্নযাত্রা’ সেশনের মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

এই বাক্সে কিশোরীরা চিঠি লিখে জানাতে পারবে তাদের জীবনের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রত্যাশা এবং স্বপ্নপূরণের পথে নানা প্রতিবন্ধকতার কথা। অনেক সময় মুখে বলতে না পারা ব্যক্তিগত অনুভূতি ও সমস্যাও তারা চিঠির মাধ্যমে প্রকাশ করতে পারবে। বিদ্যালয়ের কিশোরী ক্লাবের (AGC) কক্ষে রাখা হবে বাক্স দুটি। সুবিধাজনক সময়ে চিঠি লিখে সেখানে জমা দিতে পারবে শিক্ষার্থীরা।

জমা পড়া চিঠিগুলো পর্যালোচনা করে কিশোরীদের প্রয়োজন, সমস্যা

ও স্বপ্নপূরণের পথে বাধাগুলো চিহ্নিত করা হবে। পাশাপাশি বিদ্যালয়, পরিবার, স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করে এসব সমস্যা সমাধানে কাজ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

ফলিয়া সহদেব মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান। তিনি বলেন, কিশোর-কিশোরীদের স্বপ্নপূরণের পথে বাল্যবিবাহ একটি বড় বাধা। এই বাধা অতিক্রম করে নিজেদের স্বপ্নপূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রেহানা পারভীন এবং কিশোরী ক্লাবের সভাপতি লামিয়া খাতুনও বক্তব্য দেন।

অন্যদিকে ডেফলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় ও কিশোরীদের স্বপ্নপূরণের পথ নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোত্তালিব বিশ্বাস। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর আকতার ও কিশোরী ক্লাবের সভাপতি রুবায়া ইসলামও বক্তব্য দেন।

উভয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে GirlPower প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন সেভ-এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দীকা।

আয়োজকরা জানান, কিশোরীদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামতের গোপনীয়তা রক্ষা করে তাদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হবে। কোনো কিশোরীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ যেন বাল্যবিবাহের কারণে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করবে এ উদ্যোগ।

 

উল্লেখ্য, ‘কিশোরী ও সুশীল সমাজের সদস্যদের ক্ষমতায়নের মাধ্যমে বাল্যবিবাহ নির্মূল’ শীর্ষক GirlPower প্রকল্প

টি বান্ধব, ডেনমার্ক এবং সেভ-এর যৌথ উদ্যোগে CISU, ডেনমার্কের সহযোগিতায় ২০২৬ সালের এপ্রিল থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার ১০টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় নির্বাচিত ১০টি বিদ্যালয়ে ২০ জন করে সদস্য নিয়ে কিশোরী দল (AGC) গঠন করা হয়েছে। এসব দলের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, নেতৃত্ব বিকাশ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি কিশোরীদের নিজেদের স্বপ্ন ও মতামত প্রকাশের সুযোগ তৈরি করা হচ্ছে।

এ উদ্যোগের মধ্য দিয়ে কিশোরীদের স্বপ্নগুলো কতটা বাস্তবায়নের পথে এগিয়ে যায়, এখন সেটিই দেখার বিষয়।

Ad
সর্বশেষ