সাতক্ষীরা শহরের যানজট, জলবদ্ধতা, খাল খনন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটি। ২১ মে ২০২৫, বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ আবুল কালাম বাবলা। বক্তব্য রাখেন জিএম নূর ইসলাম, কামরুল ইসলাম ফারুক, আব্দুর রব ওয়ার্ছী, অধ্যাপক মোজাম্মেল হোসেন, মশিউর রহমান বাবু, শেখ শফিক উদ দৌলা সাগর, ফারহা দিবা খান সাথী প্রমুখ। বক্তারা বলেন, অপরিকল্পিত কালভার্ট নির্মাণ ও প্রাণ সায়ের খাল সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই শহর ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। বিনেরপোতা-ধুলিহর-বাঁকাল ব্রিজ সড়কটি সরু ও ভাঙাচোরা হওয়ায় যানজট ও দুর্ঘটনা বাড়ছে। দ্রুত রিং রোড নির্মাণ ও সাতক্ষীরা-শ্যামনগর সড়ক সংস্কারের দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক মোস্তাক আমেদের নিকট স্মারকলিপি দেন নেতৃবৃন্দ।





